MY VOICE, MY COMMUNITY

Down Syndrome Society of Bangladesh

বিশ্ব ডাউন সিনড্রোম সচেতনতা মাস ২০২৬ উদযাপন

14 Oct, 2026

ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে দৃশ্যমান কার্যক্রম ও উদ্যোগ গ্রহণ করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিশিষ্টজনরা। তারা বলেন, সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার মাধ্যমে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো সম্ভব।
মঙ্গলবার ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ-এর উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে এক সেমিনার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের তারা এসব কথা বলেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক মো. হারুন অর রশীদ এর সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ-এর চেয়ারম্যান সরদার এ রাজ্জাক।

অনুষ্ঠানে বক্তারা ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে দৃশ্যমান কার্যক্রম ও উদ্যোগ গ্রহণ করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন। তারা বলেন, সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার মাধ্যমে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো সম্ভব। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন জনগোষ্ঠীর ক্ষমতায়ন নিশ্চিত করতে তাদের উপযোগী কর্মসংস্থান সৃষ্টি করার প্রতি জোর দেন বক্তারা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল এর চেয়ারম্যান প্রফেসর ডা. সরদার এ নাঈম, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল এর চীফ কার্ডিওলজি কনসাল্টেন্ট প্রফেসর ডা. এম. এ. বাকি, ভিজুয়ালি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটি এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান চৌধুরী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট রেজাউল করীম সিদ্দিকী, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল এর নির্বাহী পরিচালক মুরাদ হোসেন খান এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল এর ক্লিনিক্যাল ডিরেক্টর ডা. কাজী খলিলুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ঢাকার আটটি বিশেষ চাহিদাসম্পন্ন বিদ্যালয়ের শতাধিক ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের সমন্বয়ে গঠিত ‘ড্যান্স সেলিব্রিটি গ্রুপ’ পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানের শেষ অংশে ধন্যবাদ জ্ঞাপন করেন ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ এর উপদেষ্টা মো. শাহদাত হোসেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ-এর প্রোগ্রাম অফিসার ও সেলফ অ্যাডভোকেসি লিড আহমাদ ইবনে সালেহ।